মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, চরিত্র ও সুন্নাহ সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট মাদরাসাতুল মদীনার উদ্যোগে ‘সীরাতের আলো’ কম্পিটিশনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করে পুরষ্কার গ্রহণ করেছে। তন্মধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন বিজয়ী হিসেবে পুরষ্কৃত করা হয়।
গতকাল শুক্রবার বিকেলে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাকিম।
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন- মাওলানা আলাউদ্দিন, প্রধান শিক্ষক নুরুল হক, মাওলানা নুরুল্লাহ সফি, নুরুল হক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতন, আব্দুল আজিজ, ইব্রাহিম আলী, বাবুল মাষ্টার, তৌফিকুল ইসলাম, ইয়াছির খান, মাওলানা রফিকুল ইসলামসহ আরো অনেকেই।
বক্তারা বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ মুসলিম জীবনের সর্বোত্তম পথনির্দেশনা। তার সীরাত সম্পর্কে জ্ঞান অর্জন এবং সেই অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে একজন শিক্ষার্থী নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা পুরস্কার গ্রহণের সময় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি ইসলামের ইতিহাস, সীরাত ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, মাদরাসা ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

