হবিগঞ্জের নবীগঞ্জে নারী হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সোমবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ একেএম কামাল উদ্দিন।
দণ্ডিতরা হলেন- নবীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের আল আমিন, মায়ানগরের ছদর আলী, উত্তমপুরের তাজ উদ্দিন ও ইংল্যান্ড প্রবাসী মহিউদ্দিন আহমেদ ওরফে সুফি মিয়া।
আদালতের বেঞ্চ সহকারী তপন সিংহ বলেন, ২০১৪ সালের ১০ ডিসেম্বর যুবলীগ নেতা মিজানুর রহমানের বাড়ির সামনে থেকে জ্যোৎস্না বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল চারিনাও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় মিজানুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ভাই রজব আলী।
পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে আসল রহস্য। মূলত মিজানকে ফাঁসাতে পাঁচ লাখ টাকার বিনিময়ে জ্যোৎস্নাকে হত্যা করেন ইংল্যান্ড প্রবাসী সুফিসহ অন্যরা। পরে এ চক্রান্তের সঙ্গে জড়িত সাতজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় দেন বিচারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

