সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ সময় তরুণদের উদ্ধার করতে গিয়ে রবি বুনার্জি নামে এক তরুণ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

বুধবার রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। এরা শ্রীমঙ্গল হরিণছড়া বাগানের চা শ্রমিকের সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন রবি বুনার্জী (২০)। তাকে জরুরি চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, বুধবার দিবাগত রাত পৌনে ১টায় প্রথমে ৪টি ডেডবডি হাসপাতালে আসে। এক ঘণ্টা পর আহত একজনকে আনা হয়। সেপটিক ট্যাংকে একে একে চারজন মারা যাওয়ার ঘটনাটি অস্বাভাবিক। এক রিংয়ের একটি সেপটিক ট্যাংকে এত বিষাক্ত গ্যাস কী করে জমলো বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। তিনি বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শুনেছি ঘটনাটা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন