চলতি অর্থবছরেই ৫ সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরেই ৫ সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি সিটি কর্পোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ লক্ষ্যে বর্তমান সরকার প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। পরে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল প্রেসক্লাবের উন্নয়নে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও তাঁর দৃষ্টি থাকবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজি মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর করিম ময়ূন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।

পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল পৌরসভার হরিজন সম্প্রদায়ের জন্য নির্মিত আবাসন প্রকল্পের সাততলা ভবনের উদ্বোধন করেন। এছাড়া ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং উপজেলার মোহাজিরাবাদ এলাকার একটি সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন।

এর আগে তিনি ভিক্টোরিয়া হাইস্কুল মাঠের পাশে একটি গোলাপজাম গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী দীর্ঘদিনের সমস্যা জর্জরিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ভাগাড়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন