সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় শেখ বদরুল হকের বিরুদ্ধে হামলায় উস্কানি ও নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
এছাড়া তিনি ইউনাইটেড আরব আমিরাত যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহির ঘনিষ্ঠ বলে জানা গেছে।
বৃহস্পতিবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভা শেষে এনসিপির নেতারা বের হওয়ার সময় তাদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহিকে শেখ বদরুল হকের পাশে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে।
স্থানীয় সূত্রের দাবি, শেখ বদরুল হক একসময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে আওয়ামী লীগে যোগ দিয়ে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আবার বিএনপির রাজনীতিতে সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে।
এছাড়া গোলাপগঞ্জের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও শেখ বদরুল হকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হামলার সময় গোলাপগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদকেও আক্রমণাত্মক ভূমিকায় দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে স্থানীয়রা যাদের শনাক্ত করেছেন বলে দাবি করেছেন, তারা হলেন—গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের ফয়েজ আহমেদ, তানিম ও নাহিদ এবং ফুলবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সানাই।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ বদরুল হক দলীয় অবস্থান শক্তিশালী করার উদ্দেশ্যে এ হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন।
এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে গ্রেপ্তার বা অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো বক্তব্য দেওয়া হয়নি। শেখ বদরুল হক, মশিকুর রহমান মহি বা অভিযুক্ত অন্যদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

