মৌলভীবাজারে তরুণ-তরুণীদের মারধরে আটক ৩

মৌলভীবাজারে তরুণ-তরুণীদের মারধরে আটক ৩

মৌলভীবাজারের বড়লেখায় টেস্টি ট্রিটের দোকানে তরুণ-তরুণীদের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- আহমেদ মোস্তফা তোফায়েল (১৯), শফিকুল ইসলাম আদিল (৩০) ও নাইম আহমেদ (২৪)।

বিজ্ঞাপন

থানা সূত্রে জানা যায়, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিলাস দাস এবং প্রশান্ত পাল মুসলিম তরুণীসহ বড়লেখা বাজারের টেস্টি ট্রিট ফাস্ট ফুড দোকানে নাস্তা করতে প্রবেশ করে। এসময় প্রটেক্ট আওয়ার সিস্টার্স নামের একটি সংগঠনের ৩/৪ জন সদস্য মুসলিম মেয়েদের সাথে হিন্দু ছেলেরা একসঙ্গে কেন বলে তাদেরকে আটক করে। তাদের সঙ্গে যোগ দেয় আরও ২০/২৫ জন তরুণ। তারা রেস্টুরেন্টে অসামাজিক কাজ করা হচ্ছে বলে তরুণ-তরুণীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এসময় তরুণীর কোলে থাকা শিশুসহ সবাইকে মারধর করে ব্যাগে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভিকটিমদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর প্রটেক্ট আওয়ার সিস্টার্স এর সংদস্যরা টেস্টি ট্রিট এর দোকান ভাঙচুর করে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার বলেন, এই ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা করা হয়েছে। এছাড়া টেস্টি ট্রিট ফাস্ট ফুড দোকান ভাঙচুরের ঘটনায় পৃথক আরো একটি মামলা করা হয়েছে। ইতিমধ্যে আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম বলেন, মানুষতো রেস্টুরেন্টে খেতেই পারে। মুসলিম মেয়েদের সঙ্গে নিয়ে হিন্দু ছেলেরা দোকানে আসছে এ জিনিসটা প্রচার করে দোকান ভাঙচুর এবং তাদের ওপর হামলা খুবই দু:খজনক। আমরা দেখতেছি এর সঙ্গে পূর্ববর্তী কোনও লোকজন বা কোনও গোষ্ঠীর ইন্ধন আছে কি না। এ বিষয়ে জেলা পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন