সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকায় হজরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার জুমার নামাজের পর সিলামের শেখপাড়া গ্রামের একটি মসজিদে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে উভয় পক্ষ দেশি অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় রাসেল নামের একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলটি মোগলাবাজার থানার আওতাধীন। সেখানে মোগলাবাজার থানার পুলিশ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দক্ষিণ সুরমা থানার পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।
মোগলাবাজার থানার ওসি মনিরুল ইসলাম বলেন, জুমার নামাজের পর দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এলাকার পরিস্থিতি এখনো উত্তপ্ত থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হজরত শাহ তৈয়ব ছৈলানি (রহ.) ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে সিলামের শেখপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে গত ২২ আগস্ট একই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।
ওয়াকফ এস্টেট পরিচালনা নিয়ে বিরোধের মধ্যে গত ২৯ জুলাই ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ওয়াকফ প্রশাসন থেকে নয় সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিককে সভাপতি এবং দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহসভাপতি করা হয়। মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফজলু মিয়াকে।
এরপর কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে শাহ আব্দুল মান্নান হাইকোর্টে রিট করেন। গত ১৬ আগস্ট শুনানি শেষে হাইকোর্ট নতুন অনুমোদিত কমিটি বহাল রাখেন। তবে সাময়িকভাবে মোতাওয়াল্লি ফজলু মিয়ার কার্যক্রম স্থগিত করে আবেদ রাজাকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
আদালতের ওই নির্দেশনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ফের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

