নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ধারাবাহিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিকল্প নেই। দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদেরও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে এবং আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এ প্রযুক্তি সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
বুধবার এনইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। অনুষ্ঠানটি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উৎসর্গীকৃত।
প্রশিক্ষণ ও সেমিনারটি মঙ্গলবার ও বুধবার যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম ও সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও বিভাগের ডিন এবং বিভাগীয় প্রধানরা, এছাড়াও বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য এবং প্রশাসনিক কর্মকর্তারা। বিশেষভাবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই বিভাগের প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন মোহাম্মদ শামসুল কবির সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

