সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৫৬ জন সন্দেহজনক হামের রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের বয়স ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

