লাখো মুসল্লির অংশগ্রহণে সিলেট শাহী ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

লাখো মুসল্লির অংশগ্রহণে সিলেট শাহী ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত

সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। লাখো ধর্মপ্রাণ মুসল্লি ঈদের এ নামাজে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকেই ঈদগাহে বয়ান পেশ করেন ও কোরবানির ফজিলত তুলে ধরেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান। ঈদের জামাতে ইমামতি করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি জুনায়েদ আহমদ।

ঈদের জামাতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও সমগ্র মানবজাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি ফিলিস্তিনসহ যুদ্ধবিধ্বস্ত মুসলিম দেশগুলোর মানুষের জন্য আল্লাহর রহমত ও সহানুভূতির আবেদন জানানো হয়।

নামাজ শেষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‌্যাব ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিল। পুরো মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের নামাজ আদায় করতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবকরাও।

সিলেট শাহী ঈদগাহ ময়দানের এই ঈদের জামাত ছিল বরাবরের মতোই প্রাণবন্ত, শান্তিপূর্ণ ও সুন্দর। ঈদের এই অনন্য মিলনমেলা সিলেটবাসীর জন্য যেমন আনন্দের, তেমনি জাতীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও বিবেচিত হচ্ছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন