সিলেটে গোলাপগঞ্জে উপজেলায় টিলা ধসে স্ত্রী সন্তানসহ একই পরিবারের চারজন মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ার ঘাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বখতিয়ারঘাট গ্রামের মৃত আসিদ আলীর ছেলে মো. রিয়াজ উদ্দিন (৫৫), তার দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম (৩৪), মেয়ে সামিয়া খাতুন (১৫) ও ছেলে আব্বাস উদ্দিন (১৩)।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, দুদিন থেকে সতর্ক করার পরও ওই পরিবার সরে না যাওয়ায় বখতিয়ার ঘাটে মাটি চাপা পড়ে চারজন মারা গেছেন। লাশ দাফন-কাফনের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিক অনুদানের ৫০ হাজার টাকা পুত্রের কাছে দেয়া হয়েছে। পরবর্তীতে আরো সহযোগিতা করা কবে।
উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয় চেয়ারম্যান-মেম্বার প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন। তারা ময়নাতদন্ত করাবেন না। এখানে এভাবেই দাফন-কাফন করবেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলা ধসের খবরে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুই সন্তানসহ বাবা ও মায়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।
উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ আরো জানান, ঢাকাদক্ষিণ বাজারে জলাবদ্ধতা ও রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। খবর পেয়ে ৩ ঘণ্টা চেষ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। গত দুদিন ধরেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। রোববার সকাল থেকে প্রত্যেকটি মসজিদেও মাইকিং করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান, মেম্বার-গ্রাম পুলিশের সমন্বয়ে স্বেচ্ছাসেবী দল গঠন করা হয়েছে। ঝুঁকিপুর্ণ এলাকার লোকজনকে আগে থেকেই প্রস্তুত করা আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরিয়ে নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

