ছাত্রদল নেতার আসামি ছাড়ানোর চেষ্টার জের হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

ছাত্রদল নেতার আসামি ছাড়ানোর চেষ্টার জের হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জের লাখাইয়ে থানা থেকে আসামি ছাড়ানোকে কেন্দ্র করে বামৈ পূর্বগ্রামে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হন। গত বুধবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম থানা থেকে এক আসামিকে ছাড়াতে যান। এ সময় বাধা দেন বামৈ ইউনিয়নের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক। এ ঘটনায় দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৪০ জন আহত হন। আহতদের হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম বলেন, লাখাই থানা পুলিশ কাজিমুল নামে এক আসামিকে না পেয়ে তার মা হারুনা বেগমকে গ্রেপ্তার করে নিয়ে আসে। তার মা আসামি না হওয়ায় তাকে ছাড়িয়ে আনতে যাই। এ সময় চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক তাকে না ছাড়তে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আজাদ হোসেন ফুরুক বলেন, লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফকরুল ইসলাম থানা থেকে আসামি ছাড়িয়ে আনতে গেলে আমি প্রতিবাদ করি। পরে তার লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালায়।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী বলেন, আমরা আসামি হারুনা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আসামি ছাড়ানোকে কেন্দ্র করে লাখাই উপজেলা ছাত্রদলের আহ্বায়কের সঙ্গে ইউপি চেয়ারম্যান আজাদের কথা কাটাকাটি হয়। পরে আমরা উভয়পক্ষকে শান্ত করি এবং তাদের মধ্যে সমাধানের কথা বলি। কিন্তু দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন