আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকট

আশিস রহমান, (দোয়ারাবাজার) সুনামগঞ্জ

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকট

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নে চিলাই নদীর ওপর নির্মিত রাবার ড্যামটিতে লিকেজ দেখা দিয়েছে। ড্যামের রাবার ব্যাগ ফেটে পানি বেরিয়ে যাওয়ায় ড্যামের উজানে পানি ধরে রাখা যাচ্ছে না। এতে ইউনিয়নের প্রায় ১ হাজার ২০০ হেক্টর বোরো ফসলের জমিতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বোগলা ও বাংলাবাজার ইউনিয়নের শত শত কৃষক পরিবার এখন তাদের বোরো ফসল নিয়ে চরম দুশ্চিন্তায় দিন পার করছে। পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, যা চলতি মৌসুমে খাদ্য উৎপাদন এবং কৃষকদের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় কৃষেরা জানিয়েছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ পাম্পগুলোও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফসল রক্ষায় দ্রুত ফেটে যাওয়া রাবার ব্যাগ মেরামত করে স্বাভাবিক সেচ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, ‘রাবার ড্যাম লিকেজ হয়ে সব পানি বের হয়ে যাওয়ায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি এখন হুমকির মুখে পড়েছে। চলতি বোরো মৌসুমে পানি পেতে কৃষকদের সমস্যা হবে। রাবার ড্যামটি দ্রুত মেরামত করতে বিএডিসি অফিসে যোগাযোগ করেছি। তারা ইতোমধ্যে সরেজমিনে এসে পরিদর্শন করে গেছেন।’

বিএডিসির সেচের সহকারী প্রকৌশলী কাজী হোসনে আর রাফি বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। দ্রুততম সময়ের মধ্যে ড্যামটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন