সিলেটের বিশ্বনাথে প্রবাসী বোনের ফ্ল্যাট থেকে আবদুল মুকিত নামে ৩৫ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার রামপাশার বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুকিত উপজেলার মিরেরচর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
স্বজনরা জানান, বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত দোকানে চাকরি করতেন মুকিত। রামপাশা রোডে তার প্রবাসী বোনের ফ্ল্যাট রয়েছে। সেখানে কোনো ভাড়াটে ছিলেন না। এটি দেখাশোনা করতেন তিনি। শনিবার রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা।
সাহরির সময় সিকিউরিটি গার্ড জানান বোনের ফ্ল্যাটে বাতি জ্বলছে। পরে দরজা বন্ধ পান পরিবারের লোকজন। একপর্যায়ে দরজা খুলে মুকিতের ঝুলন্ত লাশ দেখেন তারা।
স্বজনদের অভিযোগ, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধারের সময় মুকিতের ফোন ও ফ্ল্যাটের চাবি পাওয়া যায়নি। এছাড়া তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
বিশ্বনাথ থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

