বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদের মুক্তি এসেছে কিন্তু এখনও পরিপূর্ণ মুক্তি আসেনি। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, গত ১৮ বছর তারা তাদের ভোট দিতে পারেনি। তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারেনি।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, গণঅভ্যুত্থানের প্রায় সাত মাস পেরিয়ে ৮ মাস পেরোচ্ছে এখন পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে নির্বাচনের কোনো রোডম্যাপ পাইনি। এই নির্বাচন যত দেরি হবে, ততোই পানি ঘোলা হবে এবং পতিত হাসিনাও তার দোসররা যাদের কাছে, বস্তা বস্তা ভর্তি টাকা আছে, তাদের সুযোগ বেড়ে যাবে।
জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিলেটের সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করি মময়ূন ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত।
এতে উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতার মাহফিলে খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা আকিলউদ্দিন। দীর্ঘ ১৬ বছর পর মৌলভীবাজারে ফ্যাসিস্টমুক্ত পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে গোটা জেলার প্রায় ১০ হাজার বিএনপি দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

