সিলেটে ২৪ ঘণ্টায় হাম-সদৃশ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯১ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৭। সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫।
রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজন হলেন—হবিগঞ্জের তিন বছরের শিশু মো. এহসান, ১৮ বছর বয়সি শ্যামলা রানী দাস এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাস বয়সি আয়ান। তারা যথাক্রমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ২৭১, হবিগঞ্জে ১০৩, মৌলভীবাজারে ১০২ এবং সুনামগঞ্জে ৩৫১ জনের হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯১ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচ এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন রয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭১ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন রয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, সন্দেহভাজন হাম রোগে এ পর্যন্ত সুনামগঞ্জে ৫১, সিলেটে ৪০, হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন ও মৌলভীবাজারে একজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে সুনামগঞ্জে হাম-সংশ্লিষ্ট মৃত্যু ৫২, সিলেটে ৪৪, মৌলভীবাজারে ১৩ এবং হবিগঞ্জে ১৬ জন। অর্থাৎ সিলেট বিভাগে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

