সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে বুধবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূন:নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তারা বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সব ধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, পিছিয়ে পড়া সুনামগঞ্জ জেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে দুই দফায় যাচাই-বাছাই শেষে জেলাবাসীর সবচেয়ে সুবিধাজনক স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন হয়েছে। স্থান নির্ধারণের কারণে প্রায় তিন বছর পিছিয়ে যায় শিক্ষা কার্যক্রম। ২০২২ সালে ভিসি নিয়োগ শেষে শিক্ষার্থী ভর্তি করে অস্থায়ী ভবনে শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে। নির্ধারিত জায়গা দক্ষিণ সুনামগঞ্জ ও জেলা সদরের মধ্যবর্তী স্থানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। ওই জায়গা ৬/৭ কি.মি. দূরত্বের নিকটবর্তী স্থান হওয়ার পরও সম্প্রতি কতিপয় লোক হঠাৎ করে বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থানান্তরের নতুন দাবি তুলে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাচ্ছে। অযৌক্তিক এই দাবি প্রকল্প বানচালের ষড়যন্ত্র বলে মনে করছেন জেলার ৯০ শতাংশ মানুষ।

নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। মানববন্ধনে বক্তারা, দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহণ ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান।

শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহ্বায়ক বিশিষ্ট ব্যাংকার মো. কবিরুল ইসলামের সভাপতিত্বে ও সমিতির সদস্য সচিব শিক্ষানুরাগী এমদাদুল হক স্বপনের পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন ও ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক।

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলার বিশিষ্ট মুরুব্বি জসিম উদ্দিন, আব্দুল গফফার, জহির আহমেদ,শাহেল রহমান, এম. শুয়েব আহমদ, বদরুল আলম টিপু, রোটারিয়ান নিজাম উদ্দিন, শিহাব খান, দানিয়েল হাসান, হেলাল আহমদ, সৈয়দ জাবেদ, মাস্টার তালেব হোসেন, রেজওয়ানুল হক, মশিউর রহমান জায়গীরদার মিটু, সাইকুল ইসলাম, রিপন আহমদ রিপন, সাংবাদিক এম জে এইচ জামিল, এপিপি অ্যাডভোকেট রায়হান আহমদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন