সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ অথবা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কোনো কর্মকান্ডে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে একাধিক সাংগঠনিক পদক্ষেপ নেয়া হয়েছে যা আমাদের দলের শৃঙ্খলার কঠোর অবস্থানের প্রমাণ করে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই-কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দলের ভাবমূর্তি নষ্ট হতে দেওয়া হবে না।
শনিবার দুপুরে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
মতবিনিময় সভায় দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। একইসঙ্গে তাঁরা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাংবাদিকদের প্রতি অনুরোধ একজন ব্যক্তি অনৈতিক কাজকে পুরো দলের উপর চাপিয়ে দেবেন না। সমলোচনা করুন, প্রশ্ন তুলুন, কিন্তু ন্যায় বিচার করুন। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোর থাকব। তিনি বলেন, আগামী দিনগুলোতেও বিএনপি জনগণের পাশে থাকবে এবং তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা-পৌরসভায় ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড-পাড়া গুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। নেতৃবৃন্দ বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতি সাধারণ মানুষের ভালোবাসা, আগ্রহ ও সমর্থন আরও স্পষ্ট হয়েছে, যা আমাদের ভবিষ্যতের পথচলায় শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, গণতন্ত্রের ধারাবাহিকতা ও একটি নতুন বাংলাদেশের স্বপ্নে জনগণের আগ্রহ ছিল লক্ষণীয়। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসা আরও সুদৃঢ় হয়েছে।
বক্তব্যে বিএনপি নেতারা চা-শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
রমজান মাসে চা-শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা।
সভায় আরও জানানো হয়, গত বছর গণ-আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নেতারা বলেন, ঈদ উপলক্ষে সিলেট মহানগর ও জেলার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
সভা শেষে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. আশরাফ আলী ও রহিম মল্লিক, যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপির যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল, জসিম উদ্দিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

