সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে কাস্টঘর এলাকায় সুইপার কলোনিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ সোমবার এ তথ্য জানিয়েছে।
নিহতের স্বজনদের দাবি, স্ত্রী পিংকি রানীর ছবি তোলার প্রতিবাদ করায় আমিন নামের এক ব্যক্তি সহযোগীদের নিয়ে তাকে হত্যা করেছে।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় কাস্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকি রানীর ছবি তুলছিলেন আমিন নামের এক ব্যক্তি। এ নিয়ে প্রতিবাদ করলে হৃদয়ের সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, ভাবির ছবি তোলার প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে তার ভাইকে হত্যা করেছে।
হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

