পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাওর অঞ্চলের বোরো ফসল দেশের খাদ্যভান্ডারের বড় জোগান। হাওরের বেড়িবাঁধ ভেঙে বোরো ফসলের যেন কোনো ক্ষতি না হয়, সদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার চন্দ্র সোনার তাল, মুক্তারপুর নদীর বাঁধ, গুরমা, মহালিয়া, হেরাকান্দি বেড়িবাঁধ ও ক্লোজার বাঁধ পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (এম পি) এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হাওর নিয়ে সজাগ রয়েছেন। প্রতিনিয়ত তিনি হাওরের খোজ-খবর রাখছেন। আমি প্রধানমন্ত্রীর নির্দেশে সরজমিন হাওরের বেড়িবাঁধ দেখতে এসেছি। বিগত সময়ে হাওর নিয়ে প্রচুর লুটপাট হয়েছে। আমাদের সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছেন।
বাধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-১ নির্বাচনি এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ এম কয়সর আহমেদ, সুনামগঞ্জ- ৪ নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ কলিম উদ্দিন আহমদ মিলন, পানি উন্নয়ন বোর্ড প্রধান প্রকৌশলী (উত্তর পূর্ব) কায়সার আহমেদ, নির্বাহী প্রকৌশলী সুনামগঞ্জ মামুন হাওলাদার প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

