আমার দেশ-এ ছবি প্রকাশের পর বাস টার্মিনাল পরিদর্শন

জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি আহ্বান সিসিক প্রশাসকের

জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারে সওজের প্রতি আহ্বান সিসিক প্রশাসকের

সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শনকালে তিনি টার্মিনালের প্রধান সড়ক ও সামনের ভাঙাচোরা অংশ দ্রুত সংস্কারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বুধবার সকালে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনের সময় পরিবহন মালিক ও শ্রমিকরা সিসিক প্রশাসকের কাছে দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তারা জানান, সড়কের বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বৃষ্টির সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তারা অবিলম্বে সড়কটি মেরামতের দাবি জানান।

বিজ্ঞাপন

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিটি করপোরেশন নগরবাসীর দুর্ভোগ কমাতে বিভিন্ন সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ করছে। একইসঙ্গে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমরাও চাই টার্মিনাল এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার হোক। তবে টার্মিনাল থেকে হুমায়ুন রশীদ চত্বর হয়ে মেন্দিবাগ-কুমারপাড়া-এয়ারপোর্ট পর্যন্ত সড়কটি সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। এটি সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের জন্য একাধিকবার আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি। তারপরও পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ বিবেচনায় সিসিকের পক্ষ থেকে বড় বড় গর্ত দ্রুত ভরাট এবং প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। শিগগিরই এ কাজ শুরু হবে।

পরিদর্শনকালে সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার আমার দেশ-এ সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালের জরাজীর্ণ সড়কের ছবি প্রকাশিত হয়। ছবি প্রকাশের পরদিনই সিসিক প্রশাসকের এই পরিদর্শন ও সংস্কার উদ্যোগের ঘোষণা আসে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন