মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে বাবুল আহমেদ বাবু (৬০) ও তার ১৮ বছরের মেয়ে পানিতে ডুবে মারা গেছেন। সোমবার বিকেলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
নিহত মেয়ের নাম হালিমা মোহাম্মদ। সে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।
জানা গেছে, উপজেলার বাবু ব্রিকসের স্বত্বাধিকারী বাবুল আহমেদ বাবু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদ উপলক্ষে তিনি নিজ বাড়িতে বেড়াতে এসেছেন। সোমবার নিজ বাড়ির পুকুরের পানিতে বিকেল ৪টার দিকে মেয়েকে সাঁতার শেখাতে নামেন তিনি। সাঁতার শেখানোর একপর্যায়ে হাত ফসকে মেয়ে পুকুরের পানিতে ডুবে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে বাবাও পানিতে ডুবে মারা যান। পরে আত্মীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতের বাড়িতে গিয়ে তাদের পরিবারকে সান্ত্বনা দেন। এছাড়াও এ ঘটনায় পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
জুড়ী থানার ওসি তদন্ত জহিরুল হক বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

