সিলেটের দক্ষিণ সুরমায় যাত্রী ছাউনি নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় পাপড়ি রেস্টুরেন্ট ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতার সঙ্গে পাপড়ি রেস্টুরেন্টের মালিক ও লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ লিটনের আগে থেকেই বিরোধ ছিল। মসজিদের সামনে ড্রেন নির্মাণকাজ চলাকালে যাত্রী ছাউনি ভাঙা নিয়ে জুবায়ের আহমদ লিটন ও আমিনুর রহমান সিফতা চৌধুরীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রুপ নেয়।
সংঘর্ষে আহত হয়েছেন জুবায়ের আহমদ, তার ছোটো ভাই মিন্টু, সোয়েব, রাসেল ও রেস্টুরেন্টের দুই নারী কর্মচারীসহ অনেকে। সিফতা চৌধুরীর পক্ষের আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা-সিলেট মহাসড়কের যান চলাচল। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. শাহরিয়ার আলম বলেন, যাত্রী ছাউনি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। তবে পুলিশ এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

