সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল হাদী পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের কাছে এই নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে বলা হয়, প্রবীর কুমার গোস্বামী পূর্বে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে সিলেট পানি উন্নয়ন সার্কেলে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি তৎকালীন সরকারের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন এবং সরকারদলীয় ব্যক্তিদের অবৈধ সুযোগ-সুবিধা প্রদান করেছেন বলে নোটিশে দাবি করা হয়।
এ ছাড়া কক্সবাজার পাউবো ও সিলেট পাউবোর সরকারি অর্থ ব্যয় করে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে। নোটিশে আরও বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় এসব স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটে এবং এর পেছনে প্রবীর কুমার গোস্বামীর রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে তা অস্বীকার করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

