সিলেটে শাহজালাল (রহ.) ওরস উপলক্ষে ‘লাকড়ি তোলা’ উৎসব পালিত

সিলেটে শাহজালাল (রহ.) ওরস উপলক্ষে ‘লাকড়ি তোলা’ উৎসব পালিত

হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৬তম ওরস উপলক্ষে দরগাহ শরিফে পালিত হয়েছে ঐতিহ্যবাহী ‘লাকড়ি তোলা’ উৎসব। হজরত শাহজালাল (রহ.)-এর সিলেট বিজয় দিবস উপলক্ষে এ উৎসব প্রতি বছর পালিত হয়।

শুক্রবার এ উপলক্ষে সকাল থেকেই দরগাহ এলাকা ছিল ধর্মপ্রাণ ভক্ত ও মুরিদদের উপস্থিতিতে মুখরিত।

বিজ্ঞাপন

জুমার নামাজ শেষে শুরু হয় উৎসবের মূল পর্ব। হাজারো ভক্ত পাঁচ কিলোমিটার দূরে লাক্কাতুরা চা বাগান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসেন দরগাহ প্রাঙ্গণে।

তবে এবার ব্যতিক্রম হচ্ছে বাদ্যযন্ত্র বিহীন লাকড়ি তোলা উৎসব। অন্যান্য বছর মাইক, ব্যান্ডপার্টির তালে তালে অনেক ভক্ত লাকড়ি তুলে নিয়ে আসতেন। এবার তৌহিদি জনতার বাধার কারণে বাদ্যযন্ত্র বাজানো হয়নি।

লাকড়িগুলো দরগাহসংলগ্ন পুকুরে ধুয়ে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা হয়। এ লাকড়িগুলো আগামী ১৮ ও ১৯ মে অনুষ্ঠিত ওরসে রান্না ও শিরনি প্রস্তুতিতে ব্যবহৃত হবে।

‘লাকড়ি তোলা’ উৎসব একটি শতাব্দী প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য। এটি মূলত ভক্তদের মাধ্যমে দরগাহ শরিফের সেবায় অংশগ্রহণের একটি রূপ। স্থানীয় বাসিন্দা ও আগত ভক্তরা বলেন, এই উৎসব আমাদের মধ্যে ভক্তি, একতা ও ঐতিহ্যের চেতনা জাগ্রত করে। এই কাজে অংশগ্রহণ করা পুণ্যেরই অংশ।

দরগাহ কমিটির সূত্রে জানা যায়, আগামী কয়েক দিন চলবে ওরসের বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতা। যার মধ্যে রয়েছে মিলাদ মাহফিল, কোরআন খতম, জিকির ও বিশেষ দোয়া। আগত ভক্তদের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রয়েছে। এবারের ওরসে দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় বেশি বলে জানায় স্থানীয় প্রশাসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন