রেজিস্ট্রেশন অধিদপ্তরকে আইন মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা।
শনিবার দুপুর ১২টায় জেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি প্রদীপ পাল নিতাই।
সমাবেশে প্রদীপ পাল নিতাই বলেন, দলিল লেখকরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি-জমা সংক্রান্ত নিবন্ধন কার্যক্রমে নিরবচ্ছিন্ন সেবামূলক ভূমিকা পালন করে আসছেন। প্রতিবছর দলিল লেখকদের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়।
তিনি আরও বলেন, গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন অধিদপ্তর ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করার আলোচনার বিষয়টি সামনে আসে। এর ধারাবাহিকতায় গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে আইন মন্ত্রণালয়ের অধীন এই দপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি।
এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে সমিতির সভাপতি উল্লেখ করেন, ২০০৭ সালেও একই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন দলিল লেখকদের আন্দোলন, সরকারের সঙ্গে বৈঠক ও আইনি পদক্ষেপের কারণে তা প্রতিহত হয়। সে সময় প্রায় দুই লক্ষাধিক দলিল লেখক বেকার হয়ে পড়ার আশঙ্কায় জনস্বার্থে হাইকোর্টে রিট মামলাও দায়ের করা হয়েছিল।
সমাবেশে অন্য বক্তারা অভিযোগ করেন, বর্তমানে রেজিস্ট্রেশন বিভাগ সাধারণ জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দিয়ে আসলেও একটি স্বার্থান্বেষী মহল জনস্বার্থের অজুহাতে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের বিতর্কিত পদক্ষেপ নেওয়ার পাঁয়তারা করছে।
দাবি আদায়ের অংশ হিসেবে বক্তারা জানান, গত ১৮ আগস্ট ২০২৬ সুনামগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এর আগে গত ১২ আগস্ট একই মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমেও স্মারকলিপি পাঠানো হয়।
বক্তারা আধুনিকায়নের নামে দেশের প্রায় দুই লাখের বেশি দলিল লেখক যাতে পেশাচ্যুত হয়ে পরিবার-পরিজন নিয়ে দিশেহারা না পড়েন, সে বিষয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন এবং রেজিস্ট্রেশন অধিদপ্তরকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার জোর দাবি জানান।
সংগঠনের জেলা সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বজলুর রশিদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন— শেফুল ইসলাম, নেজামুল ইসলাম, এমদাদুল হুদা, শহিদ সরোয়ার চৌধুরী, আব্দুল্লা মিয়া, কাজি আনোয়ার মিয়া, আব্দুল হান্নান, মো. আলমগীর, বশির আহমদ, আব্দুল মতিন, সুরুজ্জামান, সাজ্জাদুল ইসলাম শায়েস্তা ও নজরুল ইসলামসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

