সিলেটে হামে ৯ মাসে প্রাণ গেল ১৮২ জনের, হাসপাতালে ভর্তি ৬৬১

সিলেটে হামে ৯ মাসে প্রাণ গেল ১৮২ জনের, হাসপাতালে ভর্তি ৬৬১
প্রতীকী ছবি

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির চাপ দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৫৮ জন সন্দেহজনক হামের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ৬৬১ জন রোগী। তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ ৩৭২ জন ভর্তি আছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের শনিবারের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৫৮ জন রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (৬৪ জন) এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (৬০ জন)। এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে দেখা গেছে, শুধু সিলেট জেলার বিভিন্ন হাসপাতালেই বর্তমানে ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। জেলাভিত্তিক হিসেবে সিলেট জেলায় ৪০৮ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, হবিগঞ্জে ১৫৮ জন এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন। তবে শনিবার ৩ অক্টোবর নতুন করে কোনো রোগী নিশ্চিতভাবে শনাক্ত হননি।

অন্যদিকে, চলতি বছরের ৯ মাসে (১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর) সিলেট বিভাগে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট ১৮২ জনের করুণ মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন