বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম দাবি করেছেন, হবিগঞ্জে ট্রাক দিয়ে সড়ক অবরোধ এবং সিলেটের গোলাপগঞ্জে বিরোধী মতের কর্মসূচিতে হামলার ঘটনাগুলো ‘পতিত আওয়ামী ফ্যাসিবাদের পদধ্বনি’। তিনি বলেন, এ ধরনের ঘটনার পরিণতি ভালো হবে না।
বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার পাঁচ মাসের মাথায় যুবদল ও ছাত্রদল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলার রাজনীতি অনুসরণ করছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এ ধরনের নৃশংস ও বর্বর রাজনীতি জনগণ কখনো মেনে নেবে না।
তিনি আরো বলেন, বিএনপি দলীয়করণের সব সীমা অতিক্রম করছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের মাধ্যমে তারা একদলীয় শাসনের পথে হাঁটছে। এমনকি নির্বাচন কমিশনের মতো স্বাধীন প্রতিষ্ঠানেও দলীয় লোক নিয়োগ দিয়ে নির্বাচনব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে। এর ফলাফল শুভ হবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় জনগণই এর জবাব দিতে বাধ্য হবে।
মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় নগরীর বন্দরবাজারস্থ মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নূরুল ইসলাম বাবুল এবং মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও জাহেদুর রহমান চৌধুরী। এছাড়াও বৈঠকে মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

