সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কাজ সাত মাসেও শেষ হয়নি

শহিদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের কাজ সাত মাসেও শেষ হয়নি
ফেঞ্চুগঞ্জ সড়ক। ফাইল ছবি

সিলেট-ফেঞ্চুগঞ্জ-মোগলাবাজার সড়কের সংস্কারকাজ সাত মাসেও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুস অ্যান্ড বাদ্রার্স। সাত কিলোমিটার রাস্তার কাজ সাত মাসে শেষ না হওয়ায়, চরম ভোগান্তির শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীরা। আর এজন্য সড়ক জনপথ বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বহীনতার জন্য অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর ।

জানা গেছে, প্রায় সাত মাস আগে সড়কের সংস্কারের জন্য কার্পেটিং তুলে খুঁড়ে রাখা হয়। কিন্তু এরপর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি দেখা যায়। মাঝে মধ্যে কিছু অংশে কিছু খুঁড়া, কিছু মেকাডম করা, কিছু কার্পেটিং করে কাজ বন্ধ রাখা হয়। বর্ষা শুরু হওয়ার পর থেকে ভোগান্তি চরম আকার ধারণ করছে। খুঁড়া রাস্তার বালুমাটি ও পাথর পানিতে সরে যাওয়া এবং এর ওপর দিয়ে গাড়ি চলাচলে বড় বড় গর্ত হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। পুরো রাস্তা কাদা ও গর্তে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। প্রতিদিন ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে এই সড়ক দিয়ে চলাচলকারী রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও রোগীদের কষ্টের সীমা থাকছে না।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, গত ১৭ জুন প্রধানমন্ত্রী সিলেট সফরে এসে এই সড়ক দিয়ে মৌলভীবাজার যান। তখন সাধারণ মানুষ আশা করেছিলেন অন্তত তার সফর উপলক্ষে সড়কের কাজ দ্রুত শেষ হবে। তা না হলে পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত সম্পন্ন হবে। কিন্তু তা হয়নি, এই খানাখন্দে ভরা সড়কে কাদা মাড়িয়ে প্রধানমন্ত্রীকে সিলেট হয়ে মৌলভীবাজার যাওয়া-আসা করতে হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের পরও কাজ না হওয়ায়, হতাশ গাড়ি চালকরা ও এলাকাবাসী। সেই সঙ্গে কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে।

সিলেট সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাসার সাদ্দাম হোসেন বলেন, আমি এই সড়কটি পরিদর্শন করেছি। বৃষ্টির জন্য যাত্রীদের ভোগান্তি হচ্ছে । আমরা ঠিকাদারকে চাপ দিচ্ছি, ভিটুমিনও চলে এসেছে। আমরা বৃষ্টি কমলেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন