৩৭ জনের বিরুদ্ধে মামলা

বালু উত্তোলনে দোয়ারাবাজারে চেলা নদীতে ভাঙন

বালু উত্তোলনে দোয়ারাবাজারে চেলা নদীতে ভাঙন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ইজারাবিহীন চেলা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনে ভাঙন দেখা দিয়েছে। বালু উত্তোলনের অভিযোগে ৩৭ জনের নামোল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার রাতে দোয়ারাবাজার থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাইমিনুল হক।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সোনালী চেলা নদীসংলগ্ন শ্রীপুর মৌজার সোনাপুর ও পূর্ব সোনাপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং পরিদর্শনের সময় নদীর পাড় কাটার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছাড়াই নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। এতে নদীতীরবর্তী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সাবেক ইউপি মেম্বার জয়নাল আবেদীন, নরসিংপুর ইউনিয়ন মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান, ছাতক উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হেকিম, ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও বিএনপি নেতা ধন মিয়া, দোয়ারাবাজার উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, বিএনপি নেতা নিজাম উদ্দীন নিধান, নুরুল ইসলাম (নুরু), সিলেট মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক ও কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী জিন্নাহ, ছাতকের ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বুলবুল হাজী, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আলা উদ্দিন ও শফিকুল ইসলাম, যুবদল নেতা রফিক মিয়া, বকুল মিয়াসহ ৩৭ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো অন্তত ১৫ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(ঙ), ১২ ও ১৫(১) ধারায় মামলাটি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মোহাইমিনুল হক বলেন, অভিযুক্তরা অবৈধভাবে নদীর পাড় কেটে বিপুল পরিমাণ বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করেছেন। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন