মায়ের সঙ্গে ঈদ করা হলো না প্রবাসী নুর আলীর

মায়ের সঙ্গে ঈদ করা হলো না প্রবাসী নুর আলীর

ব্যবসার কাজে গিয়ে ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুনামগঞ্জের জগন্নাথপুরের যুক্তরাজ্য প্রবাসী নুর আলী (৪২)।

বিজ্ঞাপন

রাজধানীর একটি হাসপাতালে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওই প্রবাসী জগন্নাথপুর পৌরসভার হবিবপুর আশিঘর এলাকার মৃত হাজী তৈয়ব আলীর ছেলে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় গ্রামের মাদরাসা মাঠে তার জানাজা হবে।

জানা যায়, মা-সহ স্বজনদের সঙ্গে ঈদ করতে দুই সপ্তাহ আগে স্ত্রী-সন্তানকে নিয়ে যুক্তরাজ্য থেকে গ্রামের বাড়িতে ফিরেন প্রবাসী নুর আলী।

৪ মার্চ ব্যবসার কাজে ঢাকায় যান তিনি। ওই দিনই রাজধানীতে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৯ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা যান তিনি। বুধবার রাতে তাঁর লাশ গ্রামের বাড়িতে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নুর আলীর চাচাতো ভাই বিলাল হোসেন বলেন, তিনি প্রবাসী হলেও দেশে তার বিভিন্ন ব্যবসা রয়েছে। মা ও স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য দেশে এসেছিলেন। একটি কোম্পানির সঙ্গে ব্যবসার কাজে ঢাকায় গিয়েছিলেন। সেখানে বাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন বলেন, খুবই ভালো মানুষ ছিলেন নুর আলী। তার মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন