মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা সাইবার মামলায় এজাহার নামীয় সৈয়দ তানভীর নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া আসামি হলেন—মৌলভীবাজার পৌরসভার বেড়িরপাড় এলাকার সৈয়দ তানভীর আহমেদ (৩০)। তার পূর্বে বাড়ি ছিল জুড়ী উপজেলায়। বর্তমানে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকায় বসবাস করেন।
তিনি নিজেকে একটি ফার্মের ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেন। তবে বেড়িরপাড় এলাকায় তার ব্যবসায়ী ফার্ম রয়েছে বলে জানিয়েছেন। সোমবার রাত আনুমানিক ৯টায় তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে । মামলাটি বর্তমানে ডিবি পুলিশ তদন্ত করছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, এমপি এম নাসের রহমানের সুনাম ক্ষুণ্ন ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে এআই প্রযুক্তির মাধ্যমে তার ছবি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে প্রচার করছে।
এ ঘটনায় অ্যাডভোকেট নিয়ামুল হক গত ২ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
মৌলভীবাজার সদর মডেল থানায় অভিযোগ গ্রহণের পর মামলাটির তদন্তভার দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি)।
তদন্তের অংশ হিসেবে সোমবার রাত ৯টায় শ্রীমঙ্গল থেকে আসামি সৈয়দ তানভীর আহমেদকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজার ডিবি পুলিশের ওসি সুদীপ্ত।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

