নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে শুক্রবার একটি মামলা করেছে। ঘটনায় আহত পুলিশ সদস্য জোবাইদুল্লাহ মুন্সিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চোখ হারানোর পথে বলে জানা গেছে।
সূত্রে জানাযায়, গত বুধবার সন্ধ্যায় এনসিপির কতিপয় নেতা হবিগঞ্জ সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ জিকে গউসের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এর প্রতিবাদে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে পথসভা চলাকালে জাসাস নেতা দাবিদার রাসেদ মিয়া ও যুবদল নেতা সাবের মিয়ার নেতৃত্বে একদল উচ্ছৃঙ্খল লোক পথসভায় পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের ওপর হামলা করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন।
এর মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য জোবাদুল্লাহ মুন্সি, রাজনগর গ্রামের বিলাল মিয়াসহ ৩ জনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে পুলিশ সদস্যকে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যের চোখ নষ্ট হওয়ার পথে।
এ ঘটনায় আনমনু গ্রামের রাসেদ মিয়াকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে পুলিশ এসল্ট মামলা হয়েছে।
আসামি গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ওসি আবুল হোসেন। এ পর্যন্ত পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

