আইনশৃঙ্খলা রক্ষা, ওয়ারেন্ট তামিল, চোরাচালানবিরোধী অভিযান এবং মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ টানা পঞ্চমবারের মতো সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ওসি রতন শেখ (পিপিএম)।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে সেপ্টেম্বর/২০২৬ মাসের থানাভিত্তিক সার্বিক কার্যক্রম মূল্যায়নে জেলার সকল থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে সদর মডেল থানাকে ঘোষণা করা হয়।
জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ওসি রতন শেখের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সদর মডেল থানায় দায়িত্ব পালনের ১০ মাস পূর্ণ করলেন রতন শেখ। বিগত ১০ মাসে তার নেতৃত্বে ১৮৯ জন মাদক ব্যবসায়ী, ৩৪ জন চোরাকারবারি ও ৩৬ জন অনলাইন জুয়াড়িসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১,৩৯৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ লেনদেন বা ঘুষের কোনো অভিযোগ ওঠেনি।
পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া জানিয়ে ওসি রতন শেখ পিপিএম বলেন, এই অর্জন পুরো সদর থানা পুলিশের সমন্বিত কর্মপ্রচেষ্টা বা টিম ওয়ার্কের ফসল। যারা এই কাজে নিরলস সহায়তা করেছেন, তাদের সবাইকে আমি এই সম্মাননা উৎসর্গ করছি। পাশাপাশি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই, যারা লেখনীর মাধ্যমে সব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সুনামগঞ্জ সদর থানা পুলিশ বদ্ধপরিকর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

