ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। পোস্টাল ভোটসহ তিনি ধানের শীষ প্রতীকে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭।
তার নিকটতম ১১দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট। অন্যান্য প্রার্থীর মধ্যে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মহসিন মিয়া মধু ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৯১১ ভোট।
কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সরকারি দলের রক্তচোকজ্ষু উপেক্ষা করে হাজী মুজিবুর রহমান চৌধুরী ছিলেন মাঠে ময়দানে। এর জন্য তাকে বহুবার যেতে হয়েছে জেলে। দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে। তাছাড়া তিনি একজন কর্মীবান্ধব। ওই সময়ে জেলজুলুম ও অত্যাচারের শিকার সব নেতাকর্মীর পাশে ছিলেন তিনি। সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী দল এবার তাকে সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে মন্ত্রিসভায় স্থান দেবেন।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) জানান, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেওয়া।
তিনি বলেন, ‘এর আগে ২০১৮ সালের নির্বাচনে প্রথম দেড় ঘণ্টায় আমি ভোট পেয়েছিলাম ৯৩ হাজার ২৯৫। পরে আমার এজেন্ট বের করে দিয়ে জাল ভোট মেরে বিজয়ী হন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুস শহীদ। সুষ্ঠু নির্বাচন হলে তখনো আমি বিপুল ভোটে বিজয়ী হতাম। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি যেন এই দায়িত্ব সম্মানের সঙ্গে পালন করতে পারি আল্লাহর কাছে এই প্রার্থনা।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

