আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পিরোজপুর-১ আসনে সৌহার্দ্যের দৃষ্টান্ত

নির্বাচিত হয়েই জামায়াতের মাসুদ সাঈদী গেলেন বিএনপির প্রার্থীর বাসায়

জেলা প্রতিনিধি, পিরোজপুর

নির্বাচিত হয়েই জামায়াতের মাসুদ সাঈদী গেলেন বিএনপির প্রার্থীর বাসায়

পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেনের বাসায় গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার দুপুরে পিরোজপুর শহরে অবস্থিত আলমগীর হোসেনের বাসভবনে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন তিনি। এ সময় উভয় নেতার মধ্যে কুশল বিনিময় ও মিষ্টিমুখের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন,“আমরা সকলে মিলে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলবো। আমাদের মাঝে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।”

তিনি আরও জানান, পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পানির সমস্যা সমাধানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিজিত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়েই কাজ করবেন।

বিএনপি নেতা আলমগীর হোসেন মাসুদ সাঈদীকে স্বাগত জানিয়ে বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান এবং জেলা টিম সদস্য রাকিবুল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পিরোজপুর-১ আসনে নির্বাচন প্রচারণাকালে উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন