সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল্লাহ আল মামুন। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বুঝে নেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন জানান, দায়িত্ব গ্রহণের পর নতুন জেলা প্রশাসক জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
এর আগে গত ২১ জুন তৎকালীন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। এরপর দীর্ঘ ২৩ দিন জেলা প্রশাসকের পদটি কার্যত শূন্য ছিল। এ সময় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি গোলাম মাওলা চৌধুরীর ছেলে।
নিয়োগ নিয়ে আগের জটিলতা
গত ২১ জুন মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। পরে ওই নিয়োগ বাতিল করা হয়। সর্বশেষ ৯ জুলাই আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং চার দিন পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সাবেক ডিসিকে ঘিরে আলোচনা
সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব পালনকালে একাধিক বিষয় নিয়ে আলোচনায় ছিলেন। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
গত ১২ জুন দুই মাজার পরিদর্শনের পর তিনি আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। এর ধারাবাহিকতায় ১৮ জুন পুরোনো দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং দীর্ঘদিনের প্রচলিত তিনটি দানের ডেগ সিলগালা করা হয়। এ উদ্যোগকে একাংশ স্বাগত জানালেও অন্য অংশ প্রশাসনের হস্তক্ষেপের অভিযোগ তুলে সমালোচনা করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

