পলিটেকনিক থেকে পাস করা প্রকৌশলীদের সঙ্গে ভোকেশনাল শিক্ষার্থীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নগরীর বন্দরবাজার সিটি করপোরেশনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এ সময় বন্দরবাজারের আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট জেলা প্রশাসক কার্যালয় যায় বিক্ষোভকারীরা। সেখানেও তারা বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা সিলেট জেলা প্রশাসক বরাবর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে স্মারকলিপি প্রদান করেন ছাত্র প্রতিনিধিরা।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাস করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না, আমরা এটা মানি না। হাইকোর্টের আদেশের ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি প্রাপ্তি সংকুচিত হবে। তারা অবিলম্বে
হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ক্লাস, পরীক্ষা বর্জনসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন তারা।
জেলা প্রশাসকের পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি বিবেচনার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ ও বিক্ষোভ প্রত্যাহার করে চলে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

