সিলেট প্রেসক্লাবের উদ্যোগে

শহীদ সাংবাদিক এটিএম তুরাব পদক বিতরণ শনিবার

শহীদ সাংবাদিক এটিএম তুরাব পদক বিতরণ শনিবার

পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক এটিএম তুরাবের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সিলেট প্রেসক্লাব ভবনে দুপুর ১২টায় আমিনূর রশীদ চৌধুরী মিলনায়তনে আলোচনা সভা, এটিএম তুরাব স্মৃতি পদক প্রদান ও দোয়া মাহফিল। এ ছাড়া বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে বিকেল ৩টায় কোর্ট পয়েন্টে সাংবাদিক সমাবেশ এবং বিকেল ৪টায় তাঁর সাবেক কর্মস্থল দৈনিক জালালাবাদ পত্রিকা অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য শেখ হাসিনার পতনের দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালে ১৯ জুলাই দুপুরে সিলেট মহানগরের বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন এটিএম তুরাব। সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার পালিয়ে পাওয়ার পর পরবর্তীত পরিস্থিতিতে হত্যাকান্ডের এক মাস পর নিহত সাংবাদিক তুরাবের ভাই আবুল আহসান মো. আযরফ (জাবুর) বাদী হয়ে ১৯ আগস্ট সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

এ মামলায় প্রধান আসামি করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে। এজাহারে আসামি হিসেবে পুলিশসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ২০০ থেকে ২৫০ জনকে। এ মামলায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জ্বল সিনহা বর্তমানে কারাগারে রয়েছেন। তুরাবের স্মৃতি রক্ষার্থে সিলেট প্রেসক্লাব সাংবাদিক এটিএম তুরাব স্মৃতিপদক প্রবর্তনের উদ্যোগ নেয়। এবারই প্রথম পদক প্রদান করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন