৩ ঘণ্টার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়কের জামিন

৩ ঘণ্টার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়কের জামিন

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় দায়েরকৃত মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলার পর দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাকে অপর একটি আদালত জামিন মঞ্জুর করেন।

মামলাটি দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ও লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহবুবুর রহমান শান্ত।

বিজ্ঞাপন

পুলিশ রোববার ভোরে সিলেট সদর উপজেলার আউশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আক্তার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী।

এসএমপির এডিসি (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, রোববার দুপুরে আদালতে তোলা হলে শুনানি না হওয়ায় আদালত আগামী ২৫ মে শুনানি তারিখ নির্ধারণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে দ্বিতীয় দফায় জামিন আবেদন করার পর ৩ ঘণ্টার ব্যবধানে আক্তার হোসেনকে জামিন দেয়া হয়। বিকেলে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন। তার পক্ষে জামিন আবেদন করেন সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।

এর আগে শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা শাখা নগরীর একটি অভিজাত কনভেনশন হলে ইফতার মাহফিলের আয়োজন করে। সেখানে দুপক্ষের মধ্যে হট্টগোল ও মারামারি ঘটনা ঘটে। এ ঘটনায় শান্ত আহত হন। পরে শনিবার রাতে শান্ত বাদী হয়ে শাহপরান (রহ.) থানায় ৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং (২২)।

শাহপরান (রহ.) থানার ওসি মনিরুজ্জামান বলেন, এনসিপির ইফতার মাহফিলে হামলার ঘটনায় ভুক্তভোগী মাহবুবুর রহমান শান্ত নামের একজন মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে ভোরে অভিযান চালিয়ে আক্তার নামের একজনকে গ্রেফতার করা হয়। তিনি ওই মামলার এজাহারে ৩ নম্বর আসামি। আক্তার ছাড়াও মামলায় আরও একাধিক এজাহারনামীয় আসামি রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন