সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়িতে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হত্যা মামলায় ছেলে আসাদ আহমদকে দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক শরিফুল হক রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই এবিএম শাহ আলম জানান, প্রথম দফায় তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসাদ একেক সময় একেক তথ্য দিয়েছেন। হত্যার মূল রহস্য উদঘাটন না হওয়ায় ফের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। এ কারণে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলেও আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে পুলিশ আবারো তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করবে।
গত সপ্তাহে দক্ষিণ সুরমার নিজ বাড়ি থেকে রাজ্জাকের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার বুক, পেট ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ২২ ইঞ্চি লম্বা একটি ছুরিও উদ্ধার করা হয়।
বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে লাশ উদ্ধারের আগ পর্যন্ত কেউ বাসায় প্রবেশ বা বের হননি। সকাল ৮টার দিকে গৃহকর্মী বাসায় ঢুকে সিঁড়ির ঘরে রাজ্জাকের লাশ দেখতে পান। তখন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল আর সেই চাবি নিহতের কাছেই পাওয়া যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, রাজ্জাকের এক ছেলে ও এক মেয়ে। দুজনেরই বিয়ে হয়েছে। দুই মাস আগে তিনি সম্পত্তি ভাগ করে দেন এবং এরপর থেকে অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য সম্প্রতি ভারতও গিয়েছিলেন। তার বিরুদ্ধে একটি মামলা থাকলেও তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।
পরিবার মামলা না করায় দক্ষিণ সুরমা থানার এসআই আনোয়ারুল কামাল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় কারও নাম উল্লেখ না থাকলেও পরিবারের কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে রাখা হয়েছে। তদন্তে পারিবারিক বিরোধ নাকি অন্য কোনো কারণ জড়িত। তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

