জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে আসেনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সোমবার নগরীর একটি হোটেলে আয়োজিত সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশে গণতন্ত্র থাকলে বিএনপি থাকবে। গণতন্ত্র বিপন্ন হলে বিএনপির স্বার্থও বিপন্ন হয়। মাফিয়া প্রধানের পলায়নের পর দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জাতীয় নির্বাচনের সময়ও ঘনিয়ে আসছে। আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিন।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ডা. জাহিদুল কবির ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

