কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার একই গ্রামের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে । শোকে নির্বাক গ্রামবাসী।
সিলেটের ৫ জনই কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের বাসিন্দা। খবর পৌছার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, পরিবারে চলছে আহাজারি ও শোকের মাতম।
নিহতরা হলেন- জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
জানা গেছে, তারা একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতদের লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা যায়, রোববার বাসা থেকে বের হয়ে কাতারের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার (বাংলাদেশ সময় দুপুর দেড়টা) দিকে আল শাহানিয়া শহরের সামাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একই দুর্ঘটনায় ভারতীয় গাড়ি চালকও নিহত হন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আমরা জেনেছি কাতারের আল শাহানিয়ার সামাল এলাকায় ৫ জন নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সাথে কথা বলেছি। ওইখানে সকল পক্রিয়া শেষে লাশ দেশে আসামাত্র পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না কবে লাশ দেশে ফিরতে পারে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

