সিলেটে হাম ও হামের উপসর্গজনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম সন্দেহভাজন ও পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে।
বুধবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন-২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া দুই শিশু হলো মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাজীপুর এলাকার বিবেকের পাঁচ মাসের কন্যা আরাধ্যা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিকলা এলাকার একই বয়সের সুমন মিয়ার কন্যা তাইবা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগীর নমুনায় ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়নি। তবে এ পর্যন্ত বিভাগে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা ৫৬৮ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে আটজন ভর্তি হয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২২৭ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৮৩ জন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

