পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের আহ্বান হুমায়ুন কবিরের

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নের আহ্বান হুমায়ুন কবিরের

পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

সোমবার সকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় রামপাশা ইউনিয়নের দুই শতাধিক গরিব, অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

হুমায়ুন কবির বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের সার্বিক উন্নয়ন এবং নদ-নদীর পরিবেশ রক্ষায় অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। আসন্ন বাজেটে এলাকা উন্নয়নের এ মহাপরিকল্পনার অংশ হিসেবে ওসমানীনগর, বিশ্বনাথসহ সিলেট অঞ্চলের উন্নয়নে বড় ভূমিকা রাখব, ইনশাআল্লাহ।

সীমানা নির্ধারণ ছাড়াই বাসিয়া নদীতে পুনঃখনন কাজ’ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছেন। তাই যথাযথ তদারকি করে অবশ্যই বাসিয়া নদীকে অবৈধ দখলমুক্ত করা হবে। নদীর সীমানা নির্ধারণ নিয়ে ইতোমধ্যে প্রশাসন ও জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়েছে। চলমান পুনঃখনন প্রকল্পের ফান্ডেও এ বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। পানি কমে গেলেই উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হবে।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবির সভাপতিত্বে এবং পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংযুক্ত আরব আমিরাত দূতাবাস ঢাকার বিদেশি সহায়তা অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি এবং বাংলাদেশ এডুকেশন অ্যান্ড টেকনোলজি সোসাইটির চেয়ারম্যান মুহাম্মদ এনামুল হক খন্দকার।

কয়েকদিন আগে হুমায়ুন কবির অবহেলিত আমতৈল গ্রাম পরিদর্শন করে যান। পরবর্তীতে ইউইউ সফরকালে সেই জনপদের অসহায় মানুষের দুর্দশার কথা তার হৃদয়ে নাড়া দেয়। তিনি বিদেশি সহায়তা কার্যক্রমের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পরে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের মাধ্যমে সহায়তা কার্যক্রম বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...