সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ধর্মীয় জ্ঞানকে জীবনে প্রয়োগ করাই আমাদের মূল লক্ষ্য। মাদ্রাসায় শিক্ষিত নারীরা আদর্শ মা হয়ে আগামী প্রজন্ম গঠনে ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। রোববার বিকেলে দক্ষিণ সুরমার ইলাইগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসায় কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা দ্বীনি জ্ঞানের আলো বহনকারী। ইসলামি শিক্ষা মানুষের অন্তরে নৈতিকতা ও চরিত্র গঠনের পথ প্রশস্ত করে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করা উচিত। কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়ন ও সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করাই প্রত্যেক শিক্ষার্থীর কর্তব্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী ইকবাল আহমেদ। ইংরেজি শিক্ষক মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমাজসেবক মিম্বর আলী, দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, শিক্ষক ছালেহ আহমেদ ও মোহাম্মদ ফিরুজ প্রমুখ।
এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শুরুতে কিরাত এবং গজল পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্র শাহান ও তাহসিন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

