বাহুবলে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি

বাহুবলে ডাবল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

​হবিগঞ্জের বাহুবলে দুই গ্রামে সংঘর্ষের ঘটনায় দুই ব্যক্তি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) ভোরে তাকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গত ১৫ জুন উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের দু’পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল কর্মী হেলাল মিয়া ও দিনমজুর সেলু মিয়া নিহত হন।

বিজ্ঞাপন

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ তিন ঘণ্টা ধরে চলা প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও, পরবর্তীতে ডুবাঐ বাজারে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, জাহাঙ্গীর ও তার ভাই শাহজাহানসহ স্থানীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়।

​এই দ্বিতীয় দফার হামলায় ঘটনাস্থলেই দিনমজুর সেলু মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্বেচ্ছাসেবক দল কর্মী হেলাল মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

​ভুক্তভোগী পরিবারের দাবি ও পুলিশের পদক্ষেপ নিহত হেলাল ও সেলু মিয়ার পরিবারের সদস্যদের অভিযোগ, তারা ঘটনার সময় সম্পূর্ণ নিরস্ত্র ছিলেন। কোনো ধরনের আত্মরক্ষার সুযোগ না দিয়েই নির্মমভাবে তাদের হত্যা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলো দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​বাহুবল থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামি জাহাঙ্গীরকে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যেন পুনরায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন