ফাঁদে ফেলে ভিডিওধারণ, হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক

সিলেট ব্যুরো

ফাঁদে ফেলে ভিডিওধারণ, হানি ট্র্যাপ চক্রের সদস্য আটক
ছবি: আমার দেশ

সিলেটে হানি ট্র্যাপের ফাঁদে ফেলে যুবককে নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগের দায়ের করা মামলায় এক এজাহারভুক্ত আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব -৯।

বিজ্ঞাপন

বুধবার সিলেটের শাহপরান থানাধীন মিরের চক এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি বকুল আহমদ জিহাদ (৩০)কে আটক করা হয়েছে। গ্রেপ্তার বকুল আহমদ জিহাদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তুরুকবাগ এলাকার রমিজ উদ্দিনের পুত্র।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মাহমুদুল হাসান রিফাত সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন বাদে রণকেলী এলাকার বাসিন্দা। পূর্ব পরিচয়ের সূত্রে ৩ নম্বর বিবাদী আব্দুল জলিলের মাধ্যমে তার সঙ্গে ৪ নম্বর বিবাদী জেসমিন আক্তারের পরিচয় হয়। পরবর্তীকালে তাদের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা চলতে থাকে।

গত ৯ এপ্রিল ভিকটিম তার এক বন্ধুকে নিয়ে জেসমিন আক্তারের সঙ্গে দেখা করতে সিলেট নগরীর যতরপুর এলাকার একটি বাসায় যান। পূর্বপরিকল্পিতভাবে সেখানে অন্যান্য আসামিরা প্রবেশ করে ধারালো চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং ভিকটিম ও তার বন্ধুকে ইলেকট্রিক শক দেয়।

একপর্যায়ে জোরপূর্বক তাদের কাপড় খুলে উলঙ্গ করে অশ্লীল ভিডিও ধারণ করে। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা, একটি রুপার চেইন ও একটি রুপার ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়।

পরে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করে। ভিকটিমরা পরিচিতজনদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৯০ হাজার টাকা এনে অভিযুক্তদের দেন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় একটি করেন। মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

আটককৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...