দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। বুধবার দুপুর ১২টায় জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, আওয়ামী লীগ-জামায়াত অগ্নিসংযোগ ও সন্ত্রাস চালিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমাদের সরকার জনগণের সুনির্দিষ্ট ভোটে নির্বাচিত সরকার; রাতের অন্ধকারের কিংবা ভোট চুরির সরকার নয়।
তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন,আওয়ামী লীগের সঙ্গে জামায়াত গোপনে আঁতাত করে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হলে ছাত্রদল তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করবে। এখনও সময় আছে, ষড়যন্ত্র পথ ছেড়ে গণতন্ত্রের ধারায় ফিরে আসুন।
কর্মসূচিতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সিনিয়র সহসভাপতি হুশিয়ার আলম, সাংগঠনিক সম্পাদক শাহ রাহুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কিস্ত চৌধুরী, প্রথম সহসভাপতি কাজী মিছবাহ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

