আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্তিত্ব সংকটে হবিগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল

কামরুল হাসান, হবিগঞ্জ

অস্তিত্ব সংকটে হবিগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে মৃতপ্রায় জিয়ার খাল । আমার দেশ

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের ‘জিয়ার খাল’ এখন কেবলই স্মৃতি। দখল, দূষণ আর খননের অভাবে অস্তিত্ব সংকটে পড়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘জিয়ার খাল’। জিয়াউর রহমান তার সরকারের আমলে দেশের উন্নয়নের ধারায় বিভিন্ন কর্মসূচির মধ্যে ‘খাল খনন’ কর্মসূচি গ্রহণ করেছিলেন। তখনকার সময়ে জিয়াউর রহমান এসেছিলেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। এ সময়ে শায়েস্তাগঞ্জে খাল খনন করেছিলেন, যা এখনো কালের সাক্ষী হয়ে আছে ‘জিয়ার খাল’ নামে।

স্থানীয় কৃষক ও কৃষিজীবী মানুষের মুখ থেকে জানা গেছে, মাঘ-ফাল্গুন মাসে শায়েস্তাগঞ্জ তরপ অঞ্চলের পুকুর-ডোবা ও খাল-বিলের পানি শুকিয়ে যেত। এ সময় নলকূপ দিয়ে ভূগর্ভ থেকে পানি তোলার ব্যবস্থা ছিল না। ফলে স্থানীয় কৃষকরা ইরি-বোরো ফসলের উৎপাদন থেকে বঞ্চিত ছিল। কার্তিক-ফাল্গুন মাসে আলু-গমসহ অন্যান্য মৌসুমি ফসলের জন্য ছিল না পানি সেচের ব্যবস্থা। তাই বছরের পর বছর কৃষকরা ফসল ছাড়া শূন্য হাতে ঘরে ফিরত। অন্যদিকে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলে শায়েস্তাগঞ্জ অঞ্চলের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ছিল না। এতে এলাকায় বন্যা ও জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করত।

বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি করম আলী বলেন, ১৯৭৮ সালের দিকে খাল খননের জন্য সরাসরি শায়েস্তাগঞ্জে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেইদিন তার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের তৎকালীন সংসদ সদস্য এম এ মোত্তালিব (প্রয়াত), জেলা, উপজেলার নেতৃবৃন্দ ও স্থানীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্যপ্রয়াত সৈয়দ অলিউর রহমানসহ অন্যান্য নেতা। সেদিন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির জনসভায় বক্তৃতা করেছিলেন জিয়াউর রহমান। জনসভা শেষে শ্রমিকদের সঙ্গে নিজ হাতে মাটিকাটায় অংশ নেন। এ স্মৃতি এখনো এলাকাবাসীর মনে অম্লান। তাদের দাবি, জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল অগ্রাধিকার ভিত্তিতে পুনঃখনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার লেনজাপাড়া, দাউদনগর, নিজগাঁও, কুতুবের চক হয়ে ঢাকা-সিলেট রেলপথের পাশ দিয়ে পশ্চিম বড়চর পর্যন্ত বয়ে চলেছে ‘জিয়ার খাল’। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ খাল সংস্কারে এলাকার মানুষের দাবি হয়ে ওঠেছে। শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, জিয়ার খাল শুধু একটি জলাধার নয়, এটি কৃষি পরিবেশ ও ঐতিহাসিক স্মৃতির অংশ। তাই যথাযথ পুনঃখনন, দখলমুক্তকরণ ও বর্জ্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা হলে খাল আবার সেচ, মাছের পোনা অবমুক্তকরণ ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ উপজেলা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ বলেন, ‘অবশ্যই আমি এ খালকে অগ্রাধিকার ভিত্তিতে খননের জন্য যা যা দরকার সব করব। মানুষের প্রত্যাশার পাশাপাশি এটা আমার নিজেরও দায়িত্ব। এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি জড়িয়ে আছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...